২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা ‘সংবাদ প্রকাশে আদালতের বিধিনিষেধ নেই’

তবে এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা ‘সতর্ক দৃষ্টি’ রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে হাইকোর্টের লিখিত আদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আদালত কোনো ‘বিধিনিষেধ’ দেয়নি। তবে তদন্ত প্রক্রিয়ায় ‘অনিষ্টকর প্রভাবের’ বিষয়ে সাংবাদিকরা সতর্ক দৃষ্টি রাখবে বলে আশা প্রকাশ করেছে আদালত। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠনের এক রিট আবেদনে গত ২৮ ফেব্রুয়ারি একটি রুল জারি করে আদালত। তাতে বলা হয়, এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো ‘মনগড়া’ প্রতিবেদন যাতে প্রকাশিত না হয়- তথ্য সচিবকে তা নিশ্চিত করতে হবে। আর সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া পুলিশ গণমাধ্যমে এ মামলার বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবে না। ওই আদেশের পর থেকেই এ দুটি নির্দেশনার সমালোচনা করে আসছিলেন সাংবাদিক নেতারা। তারা বলেন, আদালতের ওই আদেশের কারণে মামলাটি ‘ডিপ ফ্রিজে’ চলে গেছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ ওইদিন আদালতে যে দুটি নির্দেশনা দিয়েছিলেন, লিখিতে আদেশে তা নেই জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা গতকাল আদালতের আদেশের লিখিত অনুলিপি পেয়েছি। সেখানে ওই ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি।” ২৮ ফেব্রুয়ারি রুল জারির দিন আদালতের মৌখিক আদেশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আলতাফ হোসেন বলেন, “আদালত ওইদিন ওপেন কোর্টে আদেশ দেন। পরে তাদের স্বাক্ষরিত লিখিত আদেশ বের হয়। এই লিখিত আদেশই চূড়ান্ত।” তিনি জানান, লিখিত আদেশে ওই দুটি নির্দেশনা না থাকলেও সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে বিরোধী দলীয় নেতার মন্তব্যের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ রয়েছে। ওই রুলের অগ্রগতি জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা এখনো রুলের জবাব পাইনি। তবে ডিবি পুলিশ ও আইজিপি দুটি অগ্রগতি প্রতিবেদন দিয়েছেন। আশা করি, আগামী ৮ এপ্রিল কোর্ট খোলার আগে রুলেরও জবাব পেয়ে যাব।” আদালতের লিখিত আদেশে বলা হয়েছে, “অনেক ঘটনা দুর্ঘটনা নজরে আনার ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা সহায়ক ভূমিকা পালন করায় আমরা স্বতঃপ্রণোদিত হয়ে অনেক আদেশ প্রদানে সক্ষম হয়েছি।... আমরা প্রত্যাশা করি, তদন্ত প্রক্রিয়ায় কোনো অনিষ্টকর প্রভাব যাতে না পড়ে সে বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রাখবেন। সারবত্তাহীন অনুমান নির্ভর প্রতিবেদন তদন্ত প্রক্রিয়াকে অতলে ডুবিয়ে দেয়।” আদাল বলেছে, তদন্ত অবশ্যই পুঙ্খানুপুঙ্খ, সঠিক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ হতে হবে, যাতে প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হয় এবং বিচারের আওতায় আসে। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা হয়, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই হত্যাকাণ্ডের পর ৫০ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৪৫ ঘ.