চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি শিক্ষক বাস অকেজো করে দিয়েছে ইসলামি ছাত্রশিবির।
চবির্ র্কতৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোররাত ৪টার দিকে চবি বাস গ্যারেজর বাইরে থাকা সাতটি বাসের চাকা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে।
ঘটনার জন্য শিবিরকে দায়ী করে চবি পরিবহন দপ্তরের পরিচালক রবিউল আলম বলেন, “ছাত্রশিবির যেহেতু ক্যাম্পাসে ধর্মঘট পালন করছে তাই এসব বাসও তারাই অকেজো করতে পারে।”
গ্যারেজে পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু বাস বাইরে থাকে জানিয়ে রবিউল আলম বলেন, বাস অকেজো হওয়ায় শহর থেকে অনেক শিক্ষককে ক্যাম্পাসে আনা সম্ভব হয়নি।
চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা এবং মামালা করার প্রক্রিয়া চলছে।
এদিকে পরীক্ষা হলে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত না হওয়ায় এবং শিক্ষকদের যাতায়াতের বাস অকেজো থাকায় সোমবার তিনটি বিভাগের চারটি বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, চবিতে সোমবার কোন ক্লাসও হয়নি। তবে প্রক্টর দাবি করেছেন কিছু বিভাগে ক্লাস হয়েছে।
চবি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিউটের শিক্ষক ড. তপন কুমার নাথ জানান, তার ইনস্টিউটের দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের দুটি পরীক্ষা নেওয়া হয়নি।
এছাড়া লোকপ্রশান বিভাগের তৃতীয় বর্ষের ও সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এদিকে সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের চালক ও দায়িত্বরত পুলিশ সদস্যদের পিটিয়ে ট্রেন আটকে দেয় ছাত্রশিবিরের কর্মীরা।
তাদের হামলায় আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, ঘটনার পর থেকে শাটল ট্রেনের চালককে পাওয়া যাচ্ছে না।
ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮দিন বন্ধ থাকার গত ১৮ মার্চ খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ধর্মঘট চালিয়ে আসছে ইসলামী ছাত্র শিবির।
এর দুদিন আগে ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবির কর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হলটি বন্ধ রাখে কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার আগে শিবির কর্মীদের নিয়ন্ত্রণে থাকা ওই হলটি এখনো বন্ধ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৫ ঘ.
bdnews24