২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালতে দীর্ঘসূত্রতায় দুদক গতিহীন’

দুর্নীতির মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশকে অন্তরায় হিসেবে দেখছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশকে অন্তরায় হিসেবে দেখছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। এটা দুর্নীতি দমন কমিশনের কাজও গতিহীন করছে বলে মত প্রকাশ করেছেন তিনি। দুর্নীতির মামলার তিন-চতুর্থাংশের বিচার স্থগিতাদেশের কারণে ঝুলে আছে জানিয়ে রোববার কমিশন কার্যালয়ে এক আলোচনা সভায় গোলাম রহমান বলেন, “এই দীর্ঘসূত্রতা থেকে মুক্ত না হলে দুদক নখদন্তহীন বাঘই থেকে যাবে।” ‘দুর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সভার প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী ও রাজনীতিকদের বিরুদ্ধে যত অভিযোগ দায়ের করা হয়, তার মধ্যে দুটি মামলা চূড়ান্তভাবে শেষ হয়। “প্রভাবশালী দুর্নীতিবাজ-রাজনীতিককে দলে টানার জন্য তার জামিন দেওয়া-নেওয়া নিয়ে যে প্রহসনের সৃষ্টি হয়, তাতে আদালতের সুনাম ক্ষুন্নই হয়। প্রভাবশালী দুর্নীতিবাজদের মামলার শুনানি বিলম্বিত হয় সরকারের আইন পরামর্শকদের অনাপত্তিতেই।” দুর্নীতি দমনের কাজটি একা কমিশনের পক্ষে সম্ভবপর নয় মন্তব্য করে দুদক চেয়ারম্যান সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। এর পাশাপাশি আইনি সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। গোলাম রহমান বলেন, “আইনি সীমাবদ্ধতার জন্য শেয়ার বাজারসহ অনেক অপরাধই আমরা তদন্ত করতে পারি না। শেয়ার বাজারে ব্যক্তির সঙ্গে ব্যক্তির লেনদেন নিয়ে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যা দুদক আইনের সিডিউলের বাইরে। এই সীমাবদ্ধতার কারণে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারিনি।” তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে অনেকে অভিযোগ এলেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত-সাক্ষ্য দিয়ে সহায়তা করেন না, বলেন তিনি। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে দুর্নীতি, এর প্রকারভেদ, জাতীয় নিরাপত্তা, ব্যক্তিখাতের দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতিতে বিদেশি প্রভাব, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম ও সুশীল সমাজের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাই, কিন্তু তা রোধ করতে গাঁইগুঁই করি। সন্দেহভাজন ব্যক্তিটি হয় ভাশুর, নয় ভাগনে হয়ে যান।” “গণতন্ত্রের পুনরাবির্ভাবের সময় বিচারপতি আনসার আলীকে একটি কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রতিবেদনটি আজও দিনের আলো দেখল না। দুয়েকজন রাজনীতিক ছাড়া এ ব্যাপারে কেউ উচ্চবাচ্য করেন না।” “দুর্নীতির প্রসার ঠেকাতে হবে; পহেলা রাতে বিল্লি মারতে হবে। এবং সদাশয় সরকারকে যথাযথ আইন প্রণয়ন করে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে,” পরামর্শ দেন তিনি। প্রবন্ধের ওপর অলোচনায় এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ শেয়ার বাজার কেলেঙ্কারির কথা তুলে বলেন, “শেয়ার মার্কেটে কেলেঙ্কারির জন্য মাত্র এক জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কিন্তু যারা ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম আসেনি।” “যারা প্রতিষ্ঠানের উচ্চ বৃদ্ধি দেখিয়েছে, যারা কৃত্রিম প্রবৃদ্ধি দেখিয়ে জনগণকে ঠকিয়েছে, যাদের কারণে দুইজন শেয়ার ব্যবসায়ী আত্মহত্যা করেছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ব্যবসায়ীরা আপনার সঙ্গে থাকবে,” বলেন তিনি। এছাড়াও যেসব প্রতিষ্ঠান আন্ডার ভয়েসিং অথবা অভার ভয়েসিং করে অর্থ বিদেশে সরিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। প্রবন্ধের ওপর আলোচনায় রাজনৈতিক নেতাদের মধ্যে অংশ নেন- জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল প্রমুখ। এছাড়াও আলোচনা করেন অধ্যাপক মোজাফফর আহমদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুল উল আলম, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, টিআইবির নির্বাহী সম্পাদক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক রাষ্ট্রদূত ইনাম আহমেদ চৌধুরী ও হুমায়ূন কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৩০ ঘ.