ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার বৈশ্বিক কর্মসূচি ‘আর্থ আওয়ার’ পালনে তেমন সাড়া মেলেনি রাজধানীতে।
রাজধানীর বিভিন্ন স্থানে রাতে সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লোড-শেডিংবিহীন এলাকায় অধিকাংশ বাসা-বাড়ি, দোকান, শিল্প কারখানায় বাতি জ্বলেছে।
মহাখালীর একজন বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ কাশেম হোসেন বলেন, “সন্ধ্যার পর থেকে দুই-তিনবার লোড-শেডিং হয়েছে, এ কারণে বিষয়টি জানার পরও বাতি নেভাইনি।”
নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহ থাকলে বাতি জ্বালানো বন্ধ রাখতেন বলে মন্তব্য করেন তিনি।
গুলশান-১ নং চত্ত্বরের একজন ফল ব্যবসায়ী জানান, বাতি বন্ধ রাখার ব্যাপারে সরকারের অনুরোধ সম্পর্কে কিছু জানেন না তিনি।
তবে মোহাম্মদপুরের বাসিন্দা বেসরকারি একটি স্কুলের শিক্ষক আব্দুর রহমান বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে এ কর্মসূচি অভিনব, আমার বাসায় এক ঘণ্টার জন্য একটি বাতিও জ্বালানো হয়নি। সবাই সচেতন হলে বিদ্যুতের অপচয় রোধ করা সম্ভব।”
বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেন, তার বাসায় এক ঘণ্টার জন্য বৈদ্যুতিক বাতি বন্ধ ছিল।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণকে উদ্বুদ্ধ করতে শনিবার ওই এক ঘণ্টা সারাদেশে প্রয়োজনীয় নয় এমন সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল।
যদিও বিশ্বজুড়ে এ প্রতীকি কর্মসূচিটি পালিত হয় জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে।
ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের (ডব্লিউডব্লিউএফ) উদ্যোগে ‘আর্থ আওয়ার’ কর্মসূচির আওতায় প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার বিশ্বজুড়ে বৈদ্যুতিক বাতি বন্ধের জন্য বিশ্ববাসীকে উৎসাহিত করা হয়।
জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশেও বৈদ্যুতিক সুইচ বন্ধ রেখে ধরিত্রীকে বাঁচানোর আহ্বান জানাতে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ বিভাগ।
সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীসহ জরুরি প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক সুইচ বন্ধ রেখে জনসচেতনতা সৃষ্টিতে সবার সহযোগিতা চান বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকলে ৪০০ টন জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। আর বিদ্যুৎ সাশ্রয় হবে ১৬ লাখ ইউনিট।
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় সিডনিতে প্রথমবারের মতো ‘আর্থ আওয়ার’ পালিত হয়। ২০১১ সালে ১৩৫ দেশের ৫ হাজার ২৫১টি শহরে তা ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরআর/পিডি/২২৫১ ঘ.
bdnews24