ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার যেন পদ্মা সেতুর কাজ শুরু করতে না পারে সে জন্য দেশের ভেতর ও বাইরে একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার পদ্মা সেতু নিয়ে জটিলতার মধ্যে শুক্রবার বাংলাদেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, “পদ্মা সেতু নিয়ে অনেক কথা রয়েছে, ভেতরের-বাইরের মহল চাচ্ছে, এই সরকারের আমলে যেন পদ্মা সেতুর কাজ শুরু না হয়, তবে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে যারা পদ্মা সেতুর কাজের মতো জাতীয় স্বার্থকে তুচ্ছ করছে, তাদের মুখে কালো মেঘ নেবে আসবে।”
দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করায় বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর কাজ আটকে যায়। এর মধ্যেই মন্ত্রিসভায় রদবদলে যোগাযোগমন্ত্রীর দায়িত্বে আসেন ওবায়দুল কাদের।
দায়িত্ব নেওয়ার পর থেকে কাদের বলে আসছেন, বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।
সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত স্বাধীনতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য যোগাযোগমন্ত্রী বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই সারা দেশের রাস্তা ও সেতু মেরামত করা হবে।
সড়ক মেরামতে তহবিল পাওয়া যায় না বলে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বললেও বর্তমান মন্ত্রী বলেন, “ফান্ড নেই বলব কেন? ফান্ড যোগাড় করা আমার কাজ, কাজ করলে ফান্ডের অভাব হয় না।”
গত চার মাসে যোগযোগ মন্ত্রণালয় যথাযথভাবে কাজ করছে দাবি করে কাদের বলেন, “মন্ত্রণালয়ের কাজের গতির জন্য যাদের আঁতে ঘা লেগেছে, তারা অপপ্রচারের ছুরি নিয়ে ঘুরছে। তবে তাদের মনে রাখতে হবে, সত্যকে অপপ্রচারের ছুরি দিয়ে খুন করা যায় না।”
“সমালোচনা বা অপপ্রচারকে ভয় পাই না, তবে কষ্ট পাই,” মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সমঝোতার ওপর জোর দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, “দেশটাকে দুর্বল করবেন না, মনে রাখবেন দেশ দুর্বল করলে প্রভাবশালী বিদেশি প্রভুদের দাসত্ব করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১০০ ঘ.
bdnews24