মৌলভীবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ব্যতিক্রমধর্মী পদযাত্রা ‘লাউয়াছড়া ওয়াকাথন’।
প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পর্যটনের সম্মিলন ঘটানোর লক্ষে শুক্রবার সকালে এই প্রতিযোগিতার আয়োজন করে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশ।
সকালে মৌলভীবাজারে ওয়াপদা রোডের টমি মিয়া’স ক্রিকেট একাডেমি প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়ে লাউয়াছড়া অভয়ারণ্যে শেষ হয়। সারা দেশ থেকে বাছাই করা ১০ জন ও স্থানীয় ২০ জন ট্রেকার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অনুপম হোসেন জানান, দলটি প্রায় পাঁচ ঘণ্টা হেঁটে উদ্যানের ভেতরে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করেন এবং বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এর মধ্যে লাউয়াছড়া বনের খাসিয়া পল্লীর আদিবাসীদের জীবনযাপন সম্পর্কেও ধারণা নেন তারা।
পদযাত্রা শেষে অশংগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে টমি মিয়া’স ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান টমি মিয়া ও বন বিভাগের বিট কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।
এ আয়োজনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ছিলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮৩৮ ঘ.
bdnews24