খুলনা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর সোনাডাঙ্গায় শুক্রবার দুপুরে জমি দখল নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ফেরদৌস হোসেন হিরু ও রফিকুল ইসলাম বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় এলাকাবাসী নজরুল ইসলাম (২৮) নামে একজনকে অস্ত্রসহ ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
সোনাডাঙ্গা থানার ওসি মামুন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জমি নিয়ে রফিকের সঙ্গে নগরীর নিউ মার্কেটের ব্যবসায়ী দুই ভাই রকি ও রনির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
বেলা ১টায় রফিক তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে রকি-রনির হয়ে কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ফেরদৌস হোসেন হিরুর লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে এলাকাবাসী রফিক গ্র“পের ক্যাডার নজরুল ইসলামকে ধরে পিটুনি দেয়। তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ ভারতের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24