চাঁদপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে আগুনে দোকানসহ অন্তত অর্ধশতাধিক স্থাপনা পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কচুয়া বাজারে শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড হয়। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে অগ্নি নির্বাপণ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কচুয়া অগ্নি নির্বাপণ কর্মকর্তা রুহুল আলম মজুমদার জানিয়েছেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে হার্ডওয়ার, সাইনবোর্ড লেখা, ওষুধ, ইলেকট্রনিক্স, প্লাস্টিক সামগ্রী, কাপড়, কম্পিউটার, মোবাইল ফোন, কসমেটিকস, লেপ-তোষক, সার ও কীটনাশক ও মুরগির দোকান, বিভিন্ন দ্রব্যসামগ্রীর গুদাম, কনফেকশনারি, কয়েকটি ছাত্র মেস এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্তরা প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করলেও দমকল কর্মীরা বলছেন ৫০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১৬ ঘ.
bdnews24