রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী আব্দুল আজিজ খান সজীব হত্যায় জড়িত থাকার অভিযোগে ১০ ছাত্রকে কারণ দর্শাও নোটিস দিয়েছে কর্তৃপক্ষ।
এর জবাব না দেওয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসে প্রবেশ না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালের শৃঙ্খলা কমিটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিজ হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্তদের ডাকযোগে শোকজ নোটিস পাঠিয়ে দেওয়া হবে।”
এই ১০ জন হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের সুফিয়ান আলম, এস এম এনামুল হক, শফিক আহমেদ তানভীর, মির্জা আবু গোলাম রাসেল, আহমেদ রুহুল কুদ্দুস ও যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের তানভীর আহমেদ, একই বিভাগের তৃতীয় বর্ষে মোহায়েমিনুল হক পলাশ, সুলতান রাজিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
উপাচার্য বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীরা উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে তাদের বহিষ্কারও করা হতে পারে।”
বনভোজনে যাওয়া নিয়ে দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১২ মার্চ রুয়েট ক্যাফেটোরিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রলীগের বহিষ্কৃত দুই কর্মী। ১৫ মার্চ গভীর রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ খান সজীব।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর শুরু করলে ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ১৫ দিন ছুটি শেষে আগামী রোববার থেকে আবার ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম শুরুর কথা রয়েছে।
উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, “শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। বিশৃঙ্খলা ঠেকাতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24