আগরতলা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরার এক গ্রামে বৃহস্পতিবার ভোরে পুলিশের গুলিতে এক ‘বাংলাদেশি ডাকাত’ নিহত হয়েছেন।
আগরতলা থেকে ৩০ কিলোমিটার উত্তরে বারঘাটি রাবার বাগানে এ ঘটনা ঘটে বলে জানান সিধাই পুলিশ স্টেশনের এক কর্মকর্তা।
সিধাই থানার ওসি সুব্রত চক্রবর্তী বলেন, “আত্মরক্ষার্থে সিধাই থানার পুলিশের ছোড়া গুলিতে এক অজ্ঞাতনামা বাংলাদেশি নিহত হন। ধারাল অস্ত্রে সজ্জিত তার সঙ্গীরা অন্ধকারে সীমান্ত পেরিয়ে পালাতে সক্ষম হয়।”
কাঁটাতারের বেড়া নেই- এমন একটি অংশ দিয়ে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি ‘ডাকাতরা’ দাশেরঘাট গ্রামে ‘ডাকাতি’ করে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ সময় সন্তোষ দেববর্মা নামে ওই গ্রামের এক বাসিন্দা তার স্ত্রীসহ আহত হন বলে জানান তিনি।
এর পর গ্রামবাসীর তাড়ায় ’ডাকাতরা’ পালিয়ে যায় উল্লেখ করে সুব্রত বলেন, পরে সীমান্ত সংলগ্ন ওই রাবার বাগানে তাদের পাওয়া যায়।
তিনি বলেন, “নিহতের পরিচয় জানা না গেলেও তার কাছে বাংলাদেশি মুদ্রা পাওয়া যায়। তার পায়ে বাংলাদেশি স্যান্ডেলও ছিল। আমার ধারণা করছি তিনি বাংলাদেশি।”
সন্তোষ বর্মা ও তার স্ত্রী আগরতলার জি বি পান্থ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান সুব্রত।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় আটশ ৫৬ কিলোমিটার যার প্রায় ৮৫ শতাংশ কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৫ ঘ.
bdnews24