বাগেরহাট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে এক যুবলীগ নেতাকে তার কর্মচারীসহ গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই দুর্বৃত্তকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাঁজাখোলা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহতরা হলেন- ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির মৃধা (৪২) ও তার চিংড়ি ঘেরের কর্মচারী আলম চাপরাশী (৪৩)।
এ ঘটনায় গ্রামবাসীর পিটুনিতে দুই দুর্বৃত্ত নিহত হওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মনোজ কুমার মালাকার। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে ওই দুই জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।
এছাড়া আরো এক দুর্বৃত্তকে ঠাকুরণ তলা নামক স্থান থেকে আটক করে গ্রামবাসী চোখ উপড়ে নেয় বলে জানান তিনি।
জিউধরা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিবুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে বলেন, মনির ও আলম সন্ধ্যায় পাঁজাখোলা গ্রামে বাচ্চুর মুদি দোকানে বসে স্থানীয় একটি বিবাদের সালিশ করছিলেন। এ সময় আকস্মিকভাবে অস্ত্রধারী চার জন হেঁটে সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি করে চলে যায়।
ঘটনাস্থলেই মনির ও আলম নিহত হন বলে জানান হাসিবুর।
সে সময় সেখানে সমবেতদের চিৎকার ও গুলির শব্দ শুনে স্থানীয় গ্রামবাসী প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে চন্দন তলা গ্রাম থেকে হত্যাকারী সন্দেহে দুই জনকে আটক করে গণপিটুনি দেয়।
তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “ওই দুজন গ্রামের একটি দোকানে বসে ছিলেন। এ সময় আকস্মিকভাবে চার অস্ত্রধারী সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”
জিউধরা ইউনিয়ন পরিষদের চৌকিদার যুগল কৃষ্ণ মোহন্ত ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন জনকে আটকের খবর নিশ্চিত করেন।
নিহত মনির ইউনিয়নের পশ্চিম জিউধরা গ্রামের সাহেদ আলী মৃধার ছেলে। আলম একই ইউনিয়নের পাঁজাখোলা গ্রামের মৃত আজিজ চাপরাশীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৩৮ ঘ.
bdnews24