২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু তন্ময় হত্যা: জহিরুল ৩ দিনের রিমান্ড

রাজধানীতে শিশু সিফাত আলী তন্ময়কে অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জহিরুল আলীকে তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শিশু সিফাত আলী তন্ময়কে অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জহিরুল আলীকে তিন দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম মো. আতিকুর রহমান এ অনুমতি দেন। এ সময় জহিরুলের আইনজীবী জামিনের আবেদন করলে তা নাকচ হয়। পুলিশ জহিরুলের ১০ দিনের হেফাজত চেয়েছিল। দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময় অপহৃত হয় তন্ময়। এর এক দিন পর মঙ্গলবার মধ্যরাতে তাদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসায় শিশুটির লাশ পাওয়া যায়। তন্ময়ের হত্যাকারী সন্দেহে ওই বাসার ভাড়াটে জহিরুলকে ওই রাতেই গ্রেপ্তার করে পুলিশ। তন্ময়ের বাবা হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার তার ছেলে নিখোঁজ হওয়ার পর দুপুর সাড়ে ৩টার দিকে এক যুবক তন্ময়ের মায়ের মোবাইলে ফোন করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, দারুস সালাম থানায় অভিযোগ করার পর পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে নিশ্চিত হয় যে ওই ভবন থেকে ফোন করেই মুক্তিপণ দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেটি/এএইচ/২২০৪ ঘ.