চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভার কারণে আশপাশের সড়কে চলাচল বেশ কিছু সময় বন্ধ থাকায় চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মহাসমাবেশ সফল হওয়ায় চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন এই জোটের নেতারা।
শেখ হাসিনার জনসভার পরদিন বৃহস্পতিবার ১৪ দলের চট্টগ্রামের নেতারা এক সংবাদ সম্মেলনে অভিনন্দন ও দুঃখ প্রকাশ দুটিই করেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সমাবেশে আশাতীত লোকসমাগমের কারণে জনগণের চলাচলে সাময়িক বিঘœ ঘটায় তারা দুঃখ প্রকাশ করেন।
পলোগ্রাউন্ড মাঠে জনসভার কারণে টাইগারপাস, কদমতলী, দেওয়ানহাট, লালখান বাজার মোড, নিউমার্কেট, স্টেশন রোড, এনায়েত বাজার এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে, যার মধ্য দিয়ে সরকারের প্রতি আস্থার প্রকাশ ঘটেছে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে উত্তর জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম পড়ে শোনানো লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী চট্টগ্রামসহ জাতীয় উন্নয়নের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তাতে চট্টগ্রামবাসী কৃতজ্ঞ ও উল্লসিত।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার আমলেই চট্টগ্রামে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে অনেক কিছুই পাল্টে যাবে।
চট্টগ্রামের সফরে প্রধানমন্ত্রী আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১১৭ ঘ.
bdnews24