ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণা দিয়ে সংসদ বর্জন করায় বিএনপির সমালোচনা করেছেন ক্ষমতাসীন জোটের কয়েকজন সাংসদ।
“বিএনপি সংসদ কিংবা জনগণের কাছে দায়বদ্ধ নয়” মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “তারা সদস্য পদ রক্ষায় সংসদে এসেছেন।”
“সংসদ সদস্যদের উপস্থিতির বিধান সংশোধনের সময় এসেছে,” বলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক এ নেতা।
আওয়ামী লীগের তোফায়েল আহমদ বলেছেন, “তারা (বিরোধী দল) তাদের সদস্য পদ এবং বেতন-ভাতা ঠিক রাখতেই সংসদে এসেছিলেন।”
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনের শুরুতে অনির্ধারিত বক্তব্যে তারা এ কথা বলেন।
টানা ৭৭ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকার পর চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে গত ১৮ মার্চ সংসদ অধিবেশনে ফেরে বিএনপি। গত ২০ মার্চের পর মুলতবি শেষে বৃহস্পতিবার সংসদ বসলেও বিএনপি তাতে যোগ দেয়নি।
এদিনই বিএনপি বলেছে, আইসএসআইয়ের কাছ থেকে দলটির ‘অর্থ নেওয়া’ সম্পর্কিত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া না হলে তারা সংসদে ফিরবে না।
১৯৯১ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিল- চলতি মাসের গোড়ার দিকে বিদেশি ও দেশি গণমাধমে এ খবর প্রকাশ হয়। এরপর তা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সমালোচনা করে আসছে ক্ষমতাসীনরা। সংসদে বক্তব্যেও তারা এর সমালোচনা করেছেন।
বর্তমানে কোনো সাংসদ টানা ৯০ কার্যদিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে তার আসন শূন্য বিবেচিত হয়।
‘
আমাদেরও ভাবার সময় এসেছে’
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনা শুরু করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।
তিনি বলেন, “এটা প্রমাণিত হয়েছে- বিরোধী দল সংসদ সদস্য পদ রক্ষা ও সুবিধাদি নেওয়ার জন্যে সংসদে এসেছে।”
“আমাদেরও ভাবার সময় এসেছে। আমি যে সুযোগ-সুবিধা পাই। চারদলীয় জোটের সদস্যরাও একই সুবিধা পায়। তারা সংসদে না আসলে- এই ব্যাপারটি ভেবে দেখতে হবে।”
বিএনপিনেতা এম কে আনোয়ারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচার পতনের পর এম কে আনোয়ার সাহেবকে কালো তালিকাভুক্ত করা হয়।”
বিরোধী দল সংসদ, নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে স্পিকারকে উদ্দেশ্য করে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান বলেন, “সংসদকে কার্যকর করার জন্য বিরাধী দলের এ অবস্থানে আপনার সুস্পষ্ট বক্তব্য চাই।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মইনুদ্দিন খান বাদল বিরোধী দলের সদস্যদের ‘রুঢ়’ আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, “গণতন্ত্রের মুখে এসিড নিক্ষেপ করেছে তারা। বিরোধী দলকে ভাবতে হবে, মাঠে ময়দানে দাবি দাওয়া না জানিয়ে সংসদে এসেই কথা বলতে হবে।”
‘
জাতি স্পিকারের কাছে কৃতজ্ঞ
’
স্পিকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগের নিন্দা জানান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেত্রীকে এক ঘণ্টা ৫৩ মিনিট কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কথা বলতে দিয়েছেন [স্পিকার]। এমনটা অতীতে হয়নি।
“স্পিকার হিসেবে আপনি নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করেছেন।”
সুন্দর ও নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার জন্য জাতি স্পিকার আবদুল হামিদের কাছে ‘কৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন তোফায়েল।
টানা ৮৩ কার্যদিবসের অনুপস্থিতিতে ছেদ টেনে বিএনপি চেয়ারপার্সন খালেদা সংসদে ফেরেন গত ১৮ মার্চ। এর একদিন পর তিনি সংসদে টানা এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন।
সেদিন অবশ্য বক্তব্য শেষ করেই অধিবেশন কক্ষ ছেড়ে যান খালেদা। তার বক্তব্যের পুরো সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৯০৪ ঘ.
bdnews24