ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা স্মারক নোট প্রচলিত টাকার মতো বিনিময়যোগ্য না হলেও তা হচ্ছে বলে অভিযোগ আসায় এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মারক নোট কেনা কাটার জন্য ব্যবহার করা যাবে না।
বিজয়ের ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ষাট বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংক কিছু দিন আগে দুটি স্মারক নোট প্রকাশ করে।
এই নোটগুলো নিয়ে মানুষের আগ্রহের কারণে বাংলাদেশ ব্যাংক তা একাধিক বার মুদ্রণও করে।
‘স্মারক নোট’র ওপর ‘বিনিময়যোগ্য নয়’ লেখা থাকার পরও কেউ কেউ তা বিনিময় কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক।
তাই জনসাধারণকে সতর্ক করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য, এগুলো যেন কেনা কাটার জন্য ব্যবহার না করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৪২ ঘ.
bdnews24