ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২ এপ্রিলের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা না হলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে প্রেসক্লাবে ‘অবাঞ্ছিত’ করার হুমকি দিয়েছে সাংবাদিকরা। দাবি মানা না হলে ৩ এপ্রিল দিনব্যাপী কর্মবিরতি ও প্রেসক্লাবে অবস্থান ধর্মঘটও করা হবে।
জাতীয় প্রেসক্লাবে বুুধবার সাংবাদিক-শ্রমিক-কর্মচারীর ঐক্যপরিষদের ব্যানারে সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী তথ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফেব্রুয়ারিতে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার প্রতিশ্রুতি থাকলেও তিনি তা রক্ষা করেননি।”
“প্রধানমন্ত্রী অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দিলেও তিনি (তথ্যমন্ত্রী) তার বিরোধিতা করছেন। আমরা অবিলম্বে তার অপসারণ চাই,” বলেন তিনি।
বিএফইউজের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “২ এপ্রিলের মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে তথ্যমন্ত্রীর প্রেসক্লাবে সহযোগী সদস্যপদ বাতিল এবং প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
এরপর আগামী ৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি ও প্রেসক্লাবে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) প্রতি ক্ষোভ জানিয়ে রুহুল আমিন বলেন, তথ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি সাংবাদিকদের সঙ্গে থাকবেন, না কি নোয়াবের পক্ষে থাকবেন।
গত ১৯ মার্চ নোয়াবের সভাপতি মাহবুবুল আলম বিবৃতি দিয়েছিলেন, সপ্তম বোর্ড ঘোষণার তিন বছরের মাথায় আরেকটি বেতন বোর্ড গঠন সংবাদপত্র শিল্পকে চাপের মধ্যে ফেলবে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি কামালউদ্দিন সবুজ, ওমর ফারুক, আব্দুস শহিদ, খায়রুল ইসলাম, আলমগীর হোসেন খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১৭৪৮ ঘ.
bdnews24