২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু

যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশ শুরু হয়েছে, যাতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১৪ দলের মহাসমাবেশ শুরু হয়েছে, যাতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই সভামঞ্চে গান পরিবেশন ও লোক সমাগম শুরু হলেও সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বেলা ২টা ১০ মিনিটে, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে। শুরুতেই ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করার পর ১৪ দলের বক্তারা একে একে বক্তব্য দিতে শুরু করেন। সভা পরিচালনা করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম (উত্তর) শাখার সাধারণ সম্পাদক এম এ সালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ৩টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হওয়র কথা রয়েছে। এখান থেকেই হাটহাজারী, দোহাজারী ও পটিয়ার তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এ মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল বেলা ১০টা থেকেই নৌকা, মিছিল ও ঢাকঢোল পিটিয়ে গাড়িতে করে কর্মী সমর্থরা পলোগ্রাউন্ডে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। পাল্লা দিয়ে বাড়তে থাকে নগরীর প্রধান সড়কগুলোর যানজট। বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনে প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম বন্দর হাইস্কুল মাঠে পৌঁছান। এরপর তিনি চট্টগ্রামের প্রথম ফ্লাইওভার, নারী শ্রমিকদের জন্য একটি ডরমেটরিসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর আগমন ও ১৪ দলের মহামসাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় সাধারণ মানুষ বিপাকে পড়েন। প্রধানমন্ত্রী সার্কিট হাউসে পৌঁছানোর আগে বেলা সাড়ে ১১ টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী ওই এলাকার সড়কগুলোও নিয়ন্ত্রণে নেয়। এদিকে বুধবার সকাল ১০টা থেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন পলোগ্রাউন্ডের মঞ্চে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের অনুসারীরা অবস্থান নেয় মঞ্চের সামনের দিকে। এরপর একে একে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন নেতার অনুসারীরা বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে মিছিল নিয়ে পলোগ্রাউন্ড মাঠে আসা শুরু করেন। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ওলামা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসমাবেশস্থল ও এর আশপাশ বিভিন্ন ফেস্টুন ও ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে। মাঠের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে নেতা ও মন্ত্রীদের ছবি ও শুভেচ্ছা সম্বলিত বেলুন। এছাড়া সমাবেশের মূল মঞ্চের পাশে পৃথক একটি মঞ্চ থেকে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র সম্বলিত ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে। সমাবেশস্থল ছাড়াও এর আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত মাইক লাগানো হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী আশা করছেন, এ সমাবেশে প্রায় ১০ লাখ লোকের জমায়েত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/সিএস/জেকে/১৪৫০ ঘ.