চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
মহাসমাবেশ ও নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আড়াই হাজার পুলিশ সদস্য।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ড মাঠ ছাড়াও যেসব এলাকায় যাবেন সেখানে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। নিরাপত্তায় দায়িত্ব পালন করবে আড়াই হাজার পুলিশ সদস্য।
এ জন্য চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকে নয়শ পুলিশ সদস্য আনা হয়েছে বলে জানান উপকমিশনার।
নগরীর পলোগ্রাউন্ড মাঠ, বৌদ্ধমন্দির, বিআরটিসি, কদমতলী, জিইসি মোড়, আগ্রাবাদ, বন্দর এলাকা মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এদিকে, সমাবেশের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ তৈরির পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) মাঠ বুঝিয়ে দেন আওয়ামী লীগ নেতারা।
এছাড়া প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী বুধবার সকালে বন্দর এলাকায় ফ্লাইওভার উদ্বোধন, সিমেন্ট ক্রসিংয়ে নারী শ্রমিকদের জন্য ডরমিটরির ভিত্তিস্থাপন, এলজিইডির নতুন ভবন উদ্বোধন, ফটিকছড়ির রাবার ড্যাম আনুষ্ঠানিক উদ্বোধন, পলোগ্রাউন্ডের মাঠ থেকে তিনটি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন।
সবশেষে বিকালে শেখ হাসিনা ১৪ দলীয় জোটের মহাসমাবেশে ভাষণ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24