চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী দূষণ করায় তিনটি কাগজ কলকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানার পর এগুলো বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া সাতকানিয়া উপজেলার একটি ইটভাটাকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম অভিযান চালিয়ে কর্ণফুলী নদী তীরবর্তী প্রতিষ্ঠান তিন প্রতিষ্ঠান ও ইটভাটাকে এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে প্রতিষ্ঠান তিনটিকে সতর্ক করা হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে তাদের ১৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পটিয়া হালিশার খার চরের হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলকে ৪ লাখ ৫০ হাজার টাকা, একই স্থানের আম্বীয়া পাল্প অ্যান্ড পেপারকে আড়াই লাখ টাকা, আনোয়ারা পাল্প অ্যান্ড পেপার মিলকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেপার মিল তিনটি দীর্ঘদিন ধরে ইটিপি স্থাপন না করে কর্ণফুলী নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করে আসছিল।”
৭৫ হাজার টাকা জরিমানা করা হয় সাতকানিয়ার দৈন্যার বিল এলাকার কেরানি হাট ব্রিকসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24