রাজশাহী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার সামনে থেকে গোয়েন্দা পুলিশের মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মঙ্গলবার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার পর বিকাল ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নাটোরের জালালাবাদ কুটিপাড়া এলাকার অনিক হাসান ডালিম (২৫) এবং লক্ষ্মীপুর এলাকার কামাল হোসেন বাবু (২০)।
এসআই আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোয়ালিয়া মডেল থানার সামনে নগর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুর রাজ্জাকের মোটরসাইকেল রাখা ছিলো। দুপুর সাড়ে ৩টার দিকে দুই যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
“রাজ্জাক বিষয়টি বুঝতে পেরে মতিহার থানায় খবর দেন। এ সময় পুলিশের একটি দল মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে হাতেনাতে গ্রেপ্তার করে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি-ছিনতাই করে আসছে। এর সদস্যরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী যুবক।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৮৩৪ ঘ.
bdnews24