২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নাগরিক কমিটির মানববন্ধন

নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনের বিপরীতে অনুমোদন ও নবায়ন ফি বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনের বিপরীতে অনুমোদন ও নবায়ন ফি বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। স¤প্রতি ওয়াসা গভীর নলকূপ স্থাপনকারীদের অনুমোদন ফি ৪০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি হিসেবে ২৫ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেয় ওয়াসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তারা ওয়াসার এ সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, নারায়ণগঞ্জের যেসব এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি ওয়াসার পাইপ লাইন নেই সেখানেই গভীর নলকূপ ব্যক্তিগত পর্যায়ে স্থাপন করা হয়েছে। এর আগে ২০০৭ সালের প্রথম দিকে ওয়াসা গভীর নলকূপ স্থাপনের জন্য অনুমোদন ফি ৮০ হাজার ও নবায়ন ফি ৫০ হাজার টাকা ধার্য করে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে নাগরিক কমিটি আন্দোলন শুরু করে। পরিপ্রেক্ষিতে ওয়াসা তা অধের্ক করে ৪০ হাজার ও ২৫ হাজার টাকা করার ঘোষণা দেয়। চলতি বছরের ১৬ জানুয়ারি নাগরিক কমিটি ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে নতুন ফি নির্ধারণের আশ্বাস দিয়ে কার্যক্রম স্থগিতের ঘোষণা এসেছিলো। অবশ্য গত ১৪ মার্চ নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনকারীদের আগামী ৭ দিনের মধ্যে বৈধ কাগজপত্র প্রদান ও টাকা পরিশোধ করার জন্য ওয়াসা চিঠি দেওয়া শুরু করে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিউর রাব্বি, আবদুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭৫১ ঘ.