২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় আমার দেশ সম্পাদক, প্রকাশক অভিযুক্ত

দৈনিক আমার দেশের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক- বিটিআরসির দায়ের করা মানহানির মামলায় সম্পাদক, প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক- বিটিআরসির দায়ের করা মানহানির মামলায় সম্পাদক, প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। মঙ্গলবার বিকালে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান। অভিযুক্তরা হলেন, সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাশমত আলী, নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ ও পত্রিকাটির বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান। ২০০৯ সালের ২ ও ৩ অক্টোবর তারিখে ‘বিটিআরসিতে ভারতীয় নাগরিক’ ও ‘ভারতের কব্জায় বিটিআরসি: বিশিষ্টজনদের উদ্বেগ’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি কেন্দ্র করে ওই মাসেরই ২৮ তারিখে এ চার জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন বিটিআরসির আইন ও নিবন্ধন শাখার উপ-পরিচালক তারেক হাসান সিদ্দিকী। আসামিদের আইনজীবী বেলাল হোসেন জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আদালতে উপস্থিত আসামিদের অভিযোগটি পড়ে শোনালে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। তবে বিচারক অভিযুক্তদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আইনজীবী বেলাল হোসেন জানান, এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়েছিলো গত বছরের ১৩ ডিসেম্বর। মঙ্গলবার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারিত ছিলো। মঙ্গলবার অভিযোগ গঠনের পর আগামী ২১ মে এ মামলায় স্বাক্ষ্য গ্রহণের তারিখ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এএল/১৮১৯ ঘ.