২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র নিহতের ঘটনায় নিউমার্কেটে অবরোধ, ভাংচুর

বাসের ধাক্কায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কয়েকটি যানবাহনে ভাংচুরও চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কয়েকটি যানবাহনে ভাংচুরও চালায়। ঢাকা দক্ষিণের ট্রাফিক ইন্সপেক্টর মো. রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ঢাকা কলেজের সামনে নিউমার্কেট এলাকায় কয়েকশ’ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে প্রায় তিনঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র এস এম জাকারিয়া ডালিম (২৭)। ট্রাফিক ইন্সপেক্টর রহমান জানান, সকাল সোয়া ১০টার দিকে কয়েকশ ছাত্র রাস্তায় নেমে এসে কয়েকটি গাড়ি ভাংচুর করে। সকাল সোয়া ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমে গাড়ি ভাংচুর শুরু করে এবং রাস্তা অবরোধ করে। দুুপুর ১টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে ছাত্রদের অভিযোগ পুলিশ তাদের লাঠি-পেটা করেছেন। নিহতের স্ত্রী জলি আক্তার হাসপাতালে সাংবাদিকদের জানান, মিরপুরগামী সেফটি পরিবহনের একটি বাস ডালিমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার মাস আগে বিয়ে হয় জলি ও ডালিমের। ঢাকা কলেজে পড়ালেখার পাশাপাশি ধানমন্ডির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন ডালিম। স্বামী-স্ত্রী মিলে ভাড়া থাকতেন আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায়। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসচালক ইয়াসিনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/আরএ/১৭৩০ ঘ.