সিলেট, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিলেট বিভাগীয় বই মেলা। দিন বদলের সন্ধানে নতুন প্রজন্ম- এ স্লোগানে স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
জাতীয় গ্রন্থকেন্দ্র ও বিভাগীয় প্রশাসন এই বই মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে।
মঙ্গলবার মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকেলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুইয়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশাররফ হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক রফিক আজাদ, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ঢাকা ও সিলেটের বিভিন্ন প্রকাশনী সংস্থার ৭৫টি স্টল রয়েছে।
মেলায় প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার, গ্রন্থ বিষয়ক অনুষ্ঠান ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০৩ ঘ.
bdnews24