চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর পাহাড়তলী বেড়িবাঁধ এলাকায় একটি ইটভাটায় ইটের স্তূপে চাপা পড়ে তিন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- লক্ষ্মী রানী দাশ (৩৫) ও বাসন্তি- রানী দাশ (৪০)। নিহত অপর নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
পাহাড়তলী থানার উপ পরিদর্শক শনক কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতরা সবাই ওই ভাটার শ্রমিক। ইটভাটার কাছেই তারা থাকতেন।
“সোমবার দুপুর দেড়টার দিকে তারা রোদে শুকাতে দেওয়া ইটের গায়ে মাটি লেপতে গেলে হঠাৎ ধাক্কা লেগে পাশে থাকা ইটের স্তূপ তাদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
এসআই শনক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলেও মালিক পক্ষের কাউকে পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১৭২০ ঘ.
bdnews24