ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন একাত্তরে বাঙালি জাতির পাশে দাঁড়ানো বিদেশি বন্ধুরা।
বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বাধীনতা সম্মাননা নিতে ইতোমধ্যে ২১ জন বিদেশি ব্যক্তিত্ব ঢাকা পৌঁছেছেন। প্রতিনিধি পাঠিয়েছেন আরো নয় জন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো পর এই বিদেশি বন্ধুদের পক্ষ থেকেও একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
৪১ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা।
মিত্রবাহিনীসহ বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন সে সময় নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেন। বিশ্বের কাছে তারা তুলে ধরেন পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার কথা, বাঙালির স্বাধীকারের দাবির কথা।
তাদের সেই অবদানের কথা স্মরণ করে গত বছর স্বাধীনতা সম্মাননা দেওয়ার এই উদ্যোগ নেয় সরকার। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় গত ২৫ জুলাই।
এরই ধারাবাহিকতায় এবার ১৩২ বিদেশি বন্ধুকে সম্মাননা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত ১১০ জনের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানো সম্ভব হয়। তাদের মধ্যে ৭৫ জন নিজে ঢাকায় এসে অথবা প্রতিনিধি পাঠিয়ে এই সম্মাননা গ্রহণ করতে সম্মত হয়েছেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা পদক বিতরণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১২০৫ ঘ.
bdnews24