ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞকে ধিক্কার জানাতে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মূল কমিটি আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এছাড়া জাতীয় সংসদে বিল এনে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস করারও দাবি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সমাবেশ থেকে যুদ্ধপরাধীদের বিচার দ্রুত কার্যকরও দাবি জানানো হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা শুরু করে তারা।
সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “পৃথিবীতে এ ধরনের গণহত্যা আর কোথাও হয়নি। তাই এটি একটি কালো রাত। তাই এ রাতকে আমরা আন্তর্জাতিক গণহত্যা দিবস করার দাবি জানাই।”
“যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতাকে যারা লুণ্ঠিত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।”
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “বিচারহীনতার ভয়াবহতা ও এর লজ্জা থেকে আমাদের মুক্তি পেতে হবে। স্বাধীনতার সময় মানুষের যে আকাঙ্খা ছিল তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করতে হবে।”
সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব, ঘরে ফিরব না।”
তোফায়েল আহমেদ বলেন, “দেশ স্বাধীন হওয়ার ৪১ বছর পরও আমাদের দুইটি কালো তিলক ছিল। একটি বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার আর একটি যুদ্ধাপরাধীদের বিচার। দেশের সব মানুষের এ বিচারের প্রতি সমর্থন রয়েছে। সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলে এ বিচার দ্রুত কার্যকর করতে হবে।”
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সাংবাদিক কামাল লোহানী বলেন, “দেশের শত্র“দের আামরা এখনো হত্যা করতে পারিনি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার ও তার বাস্তবায়ন দেখে যেতে চাই।”
সমাবেশ শেষে স্বাধীনতার ৪১ বছর পূর্তি উপলক্ষে ৪১টি মশাল জ্বালিয়ে একটি আলোর মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হলের গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সমাবেশে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমদ মানকিন, মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বীর প্রতীক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জে, হেলাল মোরশেদ খানসহ মুক্তিযোদ্ধা ও গণহত্যায় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুদ্ধাপরাধ বিচার মঞ্চ, ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন জগন্নাথ হলের শহীদবেদীতে শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০১৬
bdnews24