২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি সেনাদের হামলে পড়ার সেই রাত

দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে ১৯৭১ সালের এই দিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষ ৪১তম স্বাধীনতা বার্ষিকী পালন করবে সোমবার। দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালিদের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালের ২৫ মার্চের প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী। বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীনতার এই দিনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুত জাতি। সোমবার বিনম্র শ্রদ্ধায় বাঙালি জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের। দিনটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ২৬ মার্চ ভোরে রাজধানীর পুরনো বিমানবন্দরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্শসূচির সূচনা হবে। ২৫ মার্চ গণহত্যা শুরুর রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। দিনটিকে জাতীয় দিবস হিসেবেও পালন করা হবে। সকালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এতে সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বিকালে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রপতি আয়োজন করেছেন এক সংবর্ধনা অনুষ্ঠানের। দিনটি সরকারি ছুটির দিন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। এছাড়া রাজধানী ও দেশের বিভিন্ন শহরেরর প্রধান সড়ক ও সড়কদ্বীপে জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদে বিরোধীদলীয় নেত্রী বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেক দূর যেতে হবে মন্তব্য করে তিনি বলেছেন, “জাতীয় জীবনে আমাদের আরো ধৈর্য, সংযম ও সহনশীলতার পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। জাতীয় সংসদকে পরিণত করতে হবে সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে ২৬ মার্চকে জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত দিন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই অর্জনকে অর্থপূর্ণ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত অসা¤প্রদায়িক ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।” বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বিবৃতিতে ২৬ মার্চকে জাতির জীবনে এক মহিমান্বিত দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু নানা কারণে সে লক্ষ্য অর্জন হয়নি। দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমাদের গণতান্ত্রিক পথচলা বার বার হোঁচট খেয়েছে।” স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে সোমবার প্রকাশ হবে বিশেষ ক্রোড়পত্র। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করবে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা ও সাং¯কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। এছাড়া সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্র, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২৩৫০ ঘ.