খুলনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
বিভাগীয় বিশেষ জজ মদিনা বেগম রোববার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হল প্রশান্ত ওরফে প্রো, রশীদ ওরফে বিপ্লব, সুদীপ্ত ওরফে দীপ্ত মণ্ডল ও নিত্য মণ্ডল। এরা সবাই পলাতক রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর ভোরে খুলনার ফুলতলা উপজেলার ডাকাতিয়ার বিলে ইউসুফের আবাদ এলাকায় নিজ মৎস্য ঘেরে মাছ ধরতে যান মুকুল খান। ওখান থেকে সন্ত্রাসীরা অপহণের চেষ্টা করলে মুকুল খান চিৎকার শুরু করেন।
এরপর হামলাকারীরা গুলি করে তাকে হত্যা করে চলে যায়।
ওইদিনই মুকুলের বাবা আব্দুল গনি খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ডিসেম্বরে এ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24