ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব মালয়শিয়া অনুমোদন করেছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাই কমিশনার জামালউদ্দিন সাবেহ।
তিনি বলেছেন, “মালয়শিয়ার মন্ত্রিসভায় এ প্রস্তাব অনুমোদন হয়েছে এবং বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি সই হবে বলে আমি আশা করি।”
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হাই কমিশনার।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় বহুমুখী পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে এবং প্রস্তাবটি শুক্রবার মালয়শিয়ার মন্ত্রিসভায় উত্থাপিত হয়।
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের কয়েক মাস পর এতে মালয়শিয়ার আগ্রহের খবর প্রথম প্রকাশ হয় গত ৪ ফেব্রুয়ারি। সে মাসেই যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মালয়শিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে জানান।
তবে পদ্মা সেতু কার অর্থে নির্মিত হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ অবস্থায় গত ১৪ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ সেতু নির্মাণে অক্টোবরের মধ্যে চুক্তি হবে।
রোববার পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে প্রশ্ন করা হলে মালয়শিয়ান হাই কমিশনার কোনো মন্তব্য করতে রাজি হননি।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার কথা। সংস্থাটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেবে সরকার।
নতুন শ্রমিক নিয়োগ
মালয়শিয়ায় নতুন বাংলাদেশি শ্রমিক নেওয়া বিষয়ে জামালউদ্দিন বলেন, মালয়শিয়ায় অবস্থানরত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ হওয়াটা প্রথম বিষয় এবং তারপর নতুন শ্রমিক নেওয়া যেতে পারে।
“আমার মতে, বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নেওয়ার চেয়ে বর্তমানে অবস্থানরতদের বেশি গুরুত্ব দেওয়া উচিত।”
গত অগাস্টে মালয়শিয়ায় বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে নিবন্ধনের যে সুযোগ দিয়েছিল বাংলাদেশি আট হাজার কর্মী সে সুযোগ নিতে পারেনি বলে জানান হাই কমিশনার।
তিনি বলেন, “পাঁচ লাখ বাংলাদেশি বর্তমানে মালয়শিয়ায় বাস করছে এবং সে সংখ্যার তুলনায় এটা খুবই ক্ষুদ্র।”
তবে গত সেপ্টেম্বরে মালয়শিয়ায় বাংলাদেশি হাই কমিশনার এ কে এ আতিকুর রহমান বলেছিলেন, সেখানে সব অবৈধ বাংলাদেশি বৈধতার নিবন্ধন সম্পন্ন করেছেন।
বাণিজ্য ঘাটতি
দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমে আসা উচিত বলে মন্তব্য করেন বিদায়ী হাই কমিশনার।
তিনি বলেন, “গত বছর জুলাইয়ে মালয়শিয়ায় বাংলাদেশ প্রদর্শনী আয়োজন করা হয় যা ঢাকা থেকে কুয়ালালামপুরে রপ্তানি বাড়াতে সহায়তা করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮৫৩ ঘ.
bdnews24