ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের জন্য আলাদা কোনো আইনজীবী প্যানেল নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, “প্রথম ট্রাইব্যুনালের আইনজীবীরাই দ্বিতীয় ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবেন। এর জন্য আলাদা কোনো প্যানেল করা হবে না।”
তবে আইনজীবী প্যানেলে সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
নতুন আইনজীবী নিয়োগ প্রসঙ্গে শফিক বলেন, “নতুন নিয়োগের ক্ষেত্রে আইনজীবীদের পেশাগত জীবনের সততা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।”
যুদ্ধাপরাধের বিচারে গঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রোববারই কাজ শুরু করেছে। এর দুই বছর আগে প্রথম ট্রাইব্যুনাল গঠনের সময় ৭ সদস্যের তদন্ত সংস্থা ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়।
টাইব্যুনালের কয়েকজন আইনজীবীর কর্মদক্ষতা নিয়ে সমালোচনা ওঠায় তাদের কাজে রাখা হবে কি না- প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি, আবার বলছি; তারা যদি নিজ থেকেই বিষয়টি উপলব্ধি করেন, তাহলে ভালো। এ বিষয়ে সরকার তাদের কোনো নির্দেশনা দেবে না।”
বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরকে চেয়ারম্যান, বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলামকে সদস্য করে গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল।
প্রথম ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24