২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ হত্যাকাণ্ডের আসামি সাগরের মৃত্যুদণ্ড

২০১১ সালের ৮ জানুয়ারি গেণ্ডারিয়া কে বি রোডে নিজেদের বাসায় খুন হয় শুভ। হাত-পা-মুখ বেঁধে পানির ড্রামে চুবিয়ে তাকে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেণ্ডারিয়ার স্কুলছাত্র দীপ্ত দাস শুভ হত্যাকাণ্ডের আসামি তাজুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেনের দেওয়া রায়ে ফাঁসিতে ঝুলিয়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হয়। রায়ে শুভর বাবা বিভূতি রঞ্জন দাসকে (৪০) হত্যাচেষ্টার অভিযোগে সাগরকে আরো ১০ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদার দাবিতে ১০ বছর বয়সি শুভকে হত্যা এবং তার বাবা বিভূতিকে জবাই করে হত্যার চেষ্টা সাগর চালিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ২০১১ সালের ৮ জানুয়ারি গেণ্ডারিয়া কে বি রোডে নিজেদের বাসায় খুন হয় শুভ। হাত-পা-মুখ বেঁধে পানির ড্রামে চুবিয়ে তাকে হত্যা করা হয়। শুভকে হত্যার পর তার বাবা বিভূতির গলায় ছুরি চালিয়ে বাসা থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার কথা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করে সাগর। ঘটনায় পরদিনই সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। শুভদের ভবনে বসবাসকারী মুদি দোকানি সিরাজ হোসেনের ছেলে সাগর মাদকসেবী বলে আদালতে সাক্ষীরা জানায়। রায়ের প্রতিক্রিয়ায় শুভর মা শিক্ষিক শিউলি রানী রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দ্রুত এই রায় কার্যকর দেখতে চাচ্ছেন। মামলার শুনানি চলাকালে আটক সাগরকে হাতকড়া ছাড়াই গেণ্ডারিয়ায় তার বাড়িতে খেতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৫০ ঘ.