পটুয়াখালী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৪৭৫ বস্তা সরকারি গমসহ একটি কার্গো আটক করেছে কোস্টগার্ড।
আন্ধারমানিক নদীর বালিয়াতলী এলাকায় শনিবার দুপুরে এ অভিযানের সময় পাচারকারী সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়।
গ্রেপ্তাররা হলেন কার্গোর মাঝি মো. জসিম (২৮), মো. সোহেল (৩২) ও শহিদুল পাহলোয়ান (২৭)। এদের বাড়ি বরিশালের বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ড কলাপাড়ার নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. শহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, খাদ্য অধিদপ্তরের ৪৭৫ বস্তা গম পাচারের উদ্দেশ্যে আসাদুজ্জামান নামের কার্গোটি বরিশাল যাচ্ছিল। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটিতে বরিশালের পোর্ট রোডের শাপলা এন্টারপ্রাইজের ঠিকানা লেখা রয়েছে।
এতে আরো লেখা রয়েছে, “আল্লাহর উপর ভরসা করে ৪৭৫ বস্তা গম পাঠালাম। মাল পেয়ে মাঝির ভাড়া পারিশোধ করবেন। মাঝির কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়েছি। বাকি কথা ফোনে আলাপ হবে।”
আটক মালামালসহ গ্রেপ্তারদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেন কোস্টগার্ড কর্মকর্তা।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গমসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড সদস্যরা। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়ার খাদ্য গুদাম থেকে গম সরাসরি কার্গোতে তোলা হয় বলে কার্গোর মাঝি মো. জসিম সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24