কক্সবাজার, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত থেকে এক গহনার দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরতলীর উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি এলাকার কাছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাত থেকে লিটন ধরের (৩০) লাশ উদ্ধার করা হয়।
লিটন উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে একটি গহনার দোকানে কাজ করতেন। তিনি রামু উপজেলার পূর্ব উমখালী এলাকার রসহরি ধরের ছেলে।
আজাদ জানান, শ্বাসরোধ করে লিটনকে খুন করার পর তার লাশ বস্তাবন্দি করে হাইওয়ের পাশে ফেলে দেওয়া হয়। পথচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন লিটন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭৫০ ঘ.
bdnews24