২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সিলেটে

সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভাতেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 04:06 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিলেট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভাতেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আলীয়া মাদ্রাসা মাঠের জনসভার প্রচারণার জন্য সরকারের তিনজন মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা গত কয়েকদিন ধরেই সিলেটে অবস্থান করছেন। সকালে একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে পৌঁছান শেখ হাসিনা। সেখানে শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজামপুরে ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করার পর এক অনুষ্ঠানে বক্তব্য দেন। এর পরপরই সিলেটের কুমারগাঁওয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে ১৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এরপর হজরত শাহজালাল (রা.) এবং হজরত শাহ পরান (রা.)- এর মাজার জেয়ারত ও ফাতেহা পাঠ করবেন। মাজার জিয়ারত শেষে সিটি করর্পোরেশন প্রাঙ্গণে নগর ভবন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী । এরপর স্থানীয় সার্কিট হাউজে সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। বিকাল ৩টায় সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ১৪ দলের জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বক্তৃতা করবেন শেখ হাসিনা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নেতাকর্মীরা এ জনসভায় অংশ নেবেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলে আশা করছি আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১৫ ঘ.