২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাদের আরো মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

জনগণের আস্থা ধরে রাখার জন্য আরো মনোযোগী ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের আস্থা ধরে রাখার জন্য আরো মনোযোগী ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার অফিসার্স ক্লাবের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের সাফল্য ধরে রাখতে আপনাদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, যে কোনো মূল্যেই তা সমুন্নত রাখতে হবে।” সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও কর্মতৎপরতায় জনগণ ইতোমধ্যেই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “দেশ অর্থনৈতিকভাবে উন্নত হলে তার সুফল আমরা সবাই ভোগ করব। দেশের উন্নয়নে সর্বশক্তি নিয়োজিত করতে হবে।” বৈশ্বিক মন্দা মোকাবেলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত, দুর্নীতি দমন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সাফল্য দাবি করেন তিনি। সরকারি কর্মকর্তাদের অবস্থার উন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে। আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে অফিসের কাজে নতুন গতি এসেছে। কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সচিব থেকে উপ-সচিব পর্যন্ত সব ক্ষেত্রে পদোন্নতি দেওয়ার বিষয়টি তুলে ধরে পদোন্নতি প্রদানের ব্যবস্থা নিয়মিত করার কথাও বলেন তিনি। অফিসার্স ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী কমিটির নবনির্বাচিত সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২২৪০ ঘ.