চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ সেলিম কুমিল্লার মুরাদ নগর থানার আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে পাহাড়তলী থানার সিডিএ এসি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম জিআরপি থানার উপ-পরিদর্শক (এএসআই) শুকলাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম অটোরিকশা নিয়ে এসি গেইট এলাকায় গেলে ময়মনসিংহ থেকে আসা একটি মেইল ট্রেন তাকে ধাক্কা দেয়।
“ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএইচ/১৯০৮ ঘ.
bdnews24