বরগুনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বামনা উপজেলায় চোর সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান (৫০) ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।
বামনা থানার ওসি আজম খান ফারুকী জানান, উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনো এক সময়ে হাবিবকে বেধড়ক পেটানো হয়। রাত ১টার দিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়ার পর শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ছেলে বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় মাস আগে ‘স্ট্রেক’ হওয়ার পর তার বাবা কিছুটা মানসিক ভারসম্য হারান। মাঝেমধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন এবং বাড়ি ছেড়ে চলে যেতেন।
“বৃহস্পতিবার বিকেলে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান। শুক্রবার সকালে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে এসে আমরা তার লাশ পাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে হাবিবুর রহমান সিকদার বুকাবুনিয়া গ্রামের হারুন মোল্ল¬ার ঘরে ঢুকে পড়লে চোর সন্দেহে তাকে আটক করে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
সেখানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ ও ইউপি সদস্য রুস্তুম আলীর উপস্থিতিতে তাকে পেটানো হয়। সংজ্ঞা হারানোর পরেও তাকে সেখানে আটকে রাখা হয়।
তবে চেয়ারম্যান সাইদুর রহমান ইউনিয়ন পরেষদে মারধরের কথা অস্বীকার করে বলেন, “চুরির চেষ্টার অভিযোগে গ্রামের লোকজনই হাবিবকে ধোলাই দিয়ে পরিষদে নিয়ে এসেছিল। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।”
ওসি আজম খান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১টার দিকে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে হাবিবুর রহমানকে অজ্ঞান অবস্থায় দেখতে পান থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। এরপর পুলিশের গাড়িতে করে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকালে সেখানে মারা যান ওই বৃদ্ধ।
হাবিবের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে বশির উদ্দিন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24