নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এক ব্যবসায়ী ও তার স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির চালক।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোখসানা আক্তার জানান, বৃহস্পতিবার রাত ১টার তিকে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার বাড্ডা এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী হাসনা শিল্পী (৩০)।
এএসআই রোকসানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী রডবাহী ট্রাকটি শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা প্রাইভেটকারটি এসে সজোরে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর ও শিল্পী।
সোনারগাঁওয়ের ঝাউচরা এলাকায় এক বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে ঢাকায় ফিরছিলেন তারা। চালক বাবুল মিয়াকে পেছনের আসনে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন আলমগীর।
রোকসানা জানান, দুর্ঘটনায় আহত বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকচালক দেলোয়ার হোসেনকে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে গাড়ি ও ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24