২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েদি নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়’

কাশিমপুর কারাগারে আট কয়েদিকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাশিমপুর কারাগারে আট কয়েদিকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। দৈনিক আমাদের সময়ে বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন এক আইনজীবী আদালতের নজরে আনলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ডিআইজি (প্রিজন), জেলারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ নির্যাতনে কারা জড়িত সে বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিবাদীদেরকে আদেশ দিয়েছে আদালত। এছাড়া আহত কয়েদি ফরিদ গাজী ও সোহেল রিয়াজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য ডিআইজি প্রিজনকে আদেশ দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চারদিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে আদেশ দেওয়া হয়েছে। ‘কাশিমপুর কারাগারে ৮ কয়েদিকে অন্ধকার কক্ষে অমানবিক নির্যাতন’ শিরোনামের প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। প্রতিবেদনে বলা হয়, গাজীপুরের কাশিমপুর কারাগারে নিুমানের খাবার দেওয়ার প্রতিবাদ করায় কারাগারের ২ নম্বর সেলের কয়েদি সোহেল রিয়াজকে গত ১১ মার্চ অন্ধকার কক্ষে নিয়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় দুই হাত ঝুলিয়ে পেটানো হয়। পরবর্তীতে তার পায়ে পচন ধরেছে। ফরিদ গাজী নামে অন্য এক বন্দিও অমানবিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে সাগর, আজগর, আবু বকর সিদ্দিকী, মো. কবির হোসেন, বাবু ও আলমগীর নামে বন্দিদের একইভাবে নির্যাতন করা হয় বলে প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/২১৩৭ ঘ.