২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের মায়ের মামলায় ফের তারিখ

ঝালকাঠীর কলেজছাত্র লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে র‌্যাবের ছয় সদস্যকে আসামি করে দায়ের করা মামলায় ফের নতুন তারিখ পড়েছে। এ নিয়ে সাতবার মামলাটির তারিখ পরিবর্তন করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঝালকাঠী, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কলেজছাত্র লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে র‌্যাবের ছয় সদস্যকে আসামি করে দায়ের করা মামলায় ফের নতুন তারিখ পড়েছে। এ নিয়ে সাতবার মামলাটির তারিখ পরিবর্তন করা হলো। বৃহস্পতিবার ঝালকাঠীর জ্যেষ্ঠ হাকিম নুসরাত জাহানের আদালত আগামী ১৩ মে মামলার পরবর্তী তারিখ রেখেছেন। লিমনের আইনজীবী আককাস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১০ জুন লিমনের মা হেনো আরা বেগম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। কিন্তু ১১ মাসেও পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি । এদিকে শুক্রবার র‌্যাবের গুলিতে পা হারিয়ে লিমনের পঙ্গুত্ব বরণের এক বছর হচ্ছে। লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবনে এমন বিপর্যয় নেমে আসবে তা সে স্বপ্নেও ভাবেনি। পঙ্গু হয়েও গত এক বছর ধরে র‌্যাবের দায়ের করা দুটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে।” অথচ র‌্যাবের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় পুলিশ এখনো আদালতে তদন্ত প্রতিবেদন দেয়নি, যোগ করেন তিনি। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমন র‌্যাবের গুলিতে আহত হন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়েছিলো। এ ঘটনায় লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫০ ঘ.