ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের চূড়ান্ত ম্যাচের দিনে মাঠের দিকে মন থাকলেও মাঝেমধ্যেই ক্রিকেটপ্রেমীদের চোখ যাচ্ছে আকাশের দিকে। মনে শঙ্কা, বৃষ্টি হবে না তো?
তাদের আশ্বস্ত করে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ঢাকায় ‘স্বাভাবিক’ ভালো আবহাওয়া থাকবে বলেই তারা মনে করছেন।
বৃস্পতিবার দুপুর ২টায় মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যাতে জয় মানেই এশিয়ায় শ্রেষ্ঠত্বের আসন চলে আসবে বাংলাদেশের অধিকারে।
আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ঢাকার আবহাওয়া ভালো থাকতে পারে। পড়ন্ত বিকালেও সিলেট অঞ্চলের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগে সে আশঙ্কা নেই।”
সর্বশেষ বুধবার এশিয়া কাপের লিগ পর্বের শেষ ম্যাচেও বৃষ্টি হয়েছিল। এ কারণে দ্বিতীয় ইনিংসে ওভার কমিয়ে দেওয়ার পরও শ্রীলঙ্কাকে হারিরে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।
ওই দিনের কথা উল্লেখ করে শাহ আলম বলেন, “সেদিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বলতে গেলে শুধু মিরপুর স্টেডিয়ামেই বৃষ্টি হয়েছে। অন্য কোথাও তেমন হয়নি।”
বৃহস্পতিবারের পূর্বাভাসে তিনি বলেন, “আজ ঢাকা বিভাগেই বৃষ্টির আশঙ্কা দেখছি না। আশা করি, খেলা ভালোভাবেই শেষ হবে।”
“তবে শেষ বিকালে হঠাৎ কিছু ঘটবে না- তা নিশ্চিত করে বলা যায় না”, যোগ করেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে গতিবেগ হতে পারে দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষ দিনে তা সামান্য বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১১৫২ ঘ.
bdnews24