২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট চলছে

বিকাল ৫টায় পর্যন্ত ভোটগ্রহণ শেষে যতো দ্রুত সম্ভব ফল প্রকাশের আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দায়িত্বে থাকা উপ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 05:27 AM

Updated : 25 Apr 2022, 09:10 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। প্রতিবারের মতো এবারও নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সরকার ও বিরোধী দল সমর্থক দুটি প্যানেল। মোট তিন হাজার ৮২৯ জন ভোটারের মধ্যে ১ হাজর ৫৪৭ জন আইনজীবী নির্বাচনের প্রথম দিন বুধবার ভোট দেন। দ্বিতীয় দিন সকাল ১০টায় ভোট শুরুর পর নির্বাচন উপ কমিটির আহবায়ক মো. নূর হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে। “যথাসম্ভব দ্রুত ভোট গণনা করে ফল ঘোষণা করব আমরা”, বলেন তিনি। গত বছর ভোটগ্রহণ শেষে রাত ৪টার পর ফল ঘোষণা করা হয়েছিল। ২০১২-১৩ মেয়াদে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য এবারের নির্বাচনে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বী ১৪টি পদের বিপরীতে লড়ছেন। এবার বিরোধী দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন জয়নুল আবেদীন। সম্পাদক পদের প্রার্থী হিসেবে তার সঙ্গে আছেন মো. হেলাল উদ্দিন মোল্লা। অন্যদিকে সভাপতি পদে ক্ষমতাসীন দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী মো. মুনসুরুল হক চৌধুরী। আর সম্পাাদক পদে লড়ছেন মোমতাজ উদ্দিন মেহেদী। গত দুটি নির্বাচনে এ দুটি পদে বিরোধী দল সমর্থক আইনজীবীরাই বিজায়ী হয়েছিলেন। অন্যান্য পদে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো. আশরাফ-উজ-জামান ও সাইফুদ্দিন মো. আমিনুর রহিম (চন্দন), কোষাধ্যক্ষ পদে শাহ মো. মুনীর শরীফ, সহ-সম্পাদক পদে মো.ফারুক হোসেন ও মো. সহিদুজ্জামান। প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে কে এম সাইফুদ্দীন আহমদ ও মো. মোস্তফা (বি), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সম্পাদক পদে এ কে এম তৌহীদুর রহমান ও মো. নুর নবী-বুলবুল। এছাড়া সাতটি সদস্য পদের জন্য ঐক্য পরিষদের জাহানারা বেগম, জান্নাত সুলতানা (মুক্তা), মো. আছরারুল হক, মো. কামরুজ্জামান সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান (মাছুম), রাফাত জাহান লুনা ও শাহানারা পারভীন (বকুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে সমন্বয় পরিষদের সাত প্রার্থী হলেন- জোবায়দা পারভিন, মো.আবদুল আজিজ মিয়া (মিন্টু), মো. আবু তৌহিদ ভুঁইয়া প্রিন্স, মো.শরাফতুল্লাহ, সাবিহা ইয়াসমিন, সঞ্চিতা সাহা ও সৈয়দা সাবিনা আহমদ (মলি)। এছাড়া নিরপেক্ষ আইনজীবী ঐক্য পরিষদ নামে ‘হলুদ’ প্যানেল থেকে এবার পাঁচ পদে প্রার্থী দেওয়া হয়েছে। এই প্যানেলে সভাপতি পদে এ বি এম নুরুল ইসলাম, সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-সভাপতি পদে অমলেন্দু বিকাশ রায় চৌধুরী ও মো. শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ পদে মো. এমদাদুল হক কাজী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর বাইরে ড. ইউনুছ আলী আকন্দ নামে আরেক আইনজীবী এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১২০ ঘ.