২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন ছাড়তে দেরি: জয়দেবপুরে যাত্রীদের অবরোধ

সময়মতো ট্রেন না ছাড়ায় বৃহস্পতিবার সকালে জয়দেবপুর জংশনে প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে যমুনা ও তুরাগ এক্সপ্রেসের বিক্ষুব্ধ যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

গাজীপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়মতো ট্রেন না ছাড়ায় বৃহস্পতিবার সকালে জয়দেবপুর জংশনে প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে যমুনা ও তুরাগ এক্সপ্রেসের বিক্ষুব্ধ যাত্রীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন সরদার জানান, জামালপুরের তারাকান্দি থেকে ঢাকামুখী আন্তনগর যমুনার জয়দেবপুর অতিক্রম করার কথা ছিল সকাল ৭টা ৫ মিনিটে। এরপর সকাল ৭টা ২৫মিনিটে তুরাগ এক্সপ্রেসেরও ঢাকার উদ্দেশ্যে জয়দেবপুর ছাড়ার কথা। কিন্তু পথে দেরি হওয়ায় আন্তনগর যমুনা জয়দেবপুর পৌঁছায় সকাল ৭টা ৩৯মিনিটে। এ কারণে তুরাগের যাত্রার সময় পেরিয়ে গেলেও ট্রেনটি থামিয়ে রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তুরাগের যাত্রীরা। জিয়াউদ্দিন জানান, যমুনা জয়দেবপুরে আসার পর সূচি ঠিক রাখতে সেটিকে আগে যেতে বললে তুরাগের বিক্ষুব্ধ যাত্রীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে যমুনার যাত্রীরাও। তারাও নেমে এসে লাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই পরিস্থিতির মধ্যে ঢাকার সঙ্গে মংমনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধের উপক্রম হয়। অবরোধ চলাকালেই ঢাকামুখী লালমনি এক্সপ্রেস জয়দেবপুরে পৌঁছে সেখানেই আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন এই ট্রেনের যাত্রীরাও। পরে রেল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় কর্মকর্তারা বুঝিয়ে শুনিয়ে যাত্রীদের সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তুরাগ। আর যমুনা ছাড়ে পৌনে ৯টার দিকে। তুরাগের যাত্রী ও ঢাকার মেট্রো টেক্সের কর্মকর্তা ফজলে রাব্বি রাজু জানান, তিনি গাজীপুর থেকে নিয়মিত এই ট্রেনে অফিস করেন। কিন্তু যমুনা প্রায় প্রতিদিনই দেরি করায় জয়দেবপুর জংশন থেকে তুরাগের ছাড়তে দেরি হয়। ফলে যথাসময়ে অফিসে পৌঁছতে অসুবিধা হয় অনেক যাত্রীর। একই রকম কথা বললেন সনি-র‌্যাংগসের কর্মকর্তা মো. কামরুল ইসলাম সৌরভ। তিনি বলেন, “গাজীপুর থেকে সড়ক পথে যানজটের ঝামেলা এড়াতে তুরাগে যাতায়ত করি। কিন্তু ইদানিং ট্রেনটি প্রতিদিনই দেরি করছে। এ কারণেই আজ যাত্রীরা ক্ষোভ দেখিয়েছে।” রেল কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, “আমারা সময়মতো ট্রেন ছাড়ার চেষ্টা করি। কিন্তু কোনো ট্রেন পথেই বিলম্বিত হলে শিডিউল ঠিক রাখা সম্ভব হয় না। তবে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২৫ ঘ.