বাগেরহাট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের বনদস্যু গামা বাহিনীর প্রধান জুলফিকার আলী গামা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
বাগেরহাটের মংলা উপজেলার সিকি সোনাইলতলা গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার বিকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। রাত পৌনে ১০টায় হাসপাতালে তার মৃত্যু হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় গামার গুলিতে সাগর নামে এক পুলিশ সদস্যও আহত হন।
জুলফিকার আলী গামা (৪০) সোনাইলতলা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধরতে গেলে গামা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশও গুলি ছোড়ে।
মাথা, ঘাড় ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সাগরকে মংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গামার মৃত্যু হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, ২০০৯ সালে জুলফিকার আলী গামা একটি আগ্নেয়াস্ত্রসহ মংলা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবন থেকে গুলিসহ বিভিন্ন ধরনের নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবার সুন্দরবন ফিরে যান।
প্রায় ১৩ বছর ধরে সুন্দরবনে দস্যুতা করে আসছিলেন। প্রথম জীবনে বনদস্যু রাজু বাহিনীর সদস্য ছিলেন। দশ বছর আগে রাজুর দল ত্যাগ করে নিজ নামে বাহিনী গঠন করেন। তার দল সুন্দরবন পূর্ব বিভাগের শেলার চর, কটকা, কচিখালীসহ সংলগ্ন এলাকায় তৎপরতা চালাতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24