২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে সম্পদ অনুসন্ধানে জাহাজ কিনছে সরকার

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ অবসানের পর বঙ্গোপসাগরে জীব বৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ অনুসন্ধানের জন্য একটি জরিপ জাহাজ (ভ্যাসেল) কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ অবসানের পর বঙ্গোপসাগরে জীব বৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ অনুসন্ধানের জন্য একটি জরিপ জাহাজ (ভ্যাসেল) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। এবাকাস কনভেনশন সেন্টারে বাংলাদেশ এ্যাকুয়াকালচার অ্যালায়েন্স (বিএএ) আয়োজিত প্রথম জাতীয় সম্মেলনে তিনি বলেন, “এর আগে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের কারণে সমুদ্রে ব্যাপক জরিপকাজ চালানো সম্ভব হয়নি, কিন্তু স¤প্রতি মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।” আগামী ১০ মাসের মধ্যে ওই বাংলাদেশে আসবে বলে জানান লতিফ বিশ্বাস। এর আগে ১৯৭৩-৭৪ সালে আকারে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দুটি জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগরে জরিপ কাজ চালানো হয়েছিল, তবে তা অত্যন্ত সীমিত পরিসরে। প্রকৃত জেলেদের তালিকা তৈরি, পরিচয়পত্র প্রদান এবং ইলিশের প্রজনন মৌসুমে জাটকা ধরা থেকে বিরত রাখতে খাদ্য সহযোগিতা দিতে প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে গত মঙ্গলবার ৮৪ কোটি টাকার এই প্রকল্প পাস হয়েছে বলে জানান তিনি। প্রজনন মৌসুমে জাটকা ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য মার্চ এবং এপ্রিল এই দুই মাস ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, এই নিষেধাজ্ঞা জেলেরা মানছেন না। এর আগে গতবছর চলতি মৌসুমে জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য ১ লাখ ৪০ হাজার জেলেকে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু তাতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। মন্ত্রী নিজেই স্বীকার করেন,“ ওই প্রকল্পে জেলে পরিচয়ে এমন বহু ব্যক্তি লাভবান হয়েছেন, যারা প্রকৃত জেলে নন।” তবে এবার অনেক সুশৃঙ্খলভাবে এগোনো হবে, বলেন তিনি। বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলারগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মাছে ফরমালিন সনাক্ত করার জন্য দেশের প্রতিটি জেলায় ডিজিটাল ফরমালিন কিট এ মাসের শেষেই দেওয়া হবে বলে জানান মন্ত্রী। কনভেনশনে অন্যদের মধ্যে বিএএ সভাপতি মাকসুদুর রহমান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ ফিশ অ্যান্ড শ্রিম্প ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজি শাহনেওয়াজ, ন্যাশনাল শ্রিম্প ফারমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. আফতাবুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এমআই/১৮৪১ ঘ.