২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক ছাত্রের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাস এবং দুই জনকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক ছাত্রের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাস এবং দুই জনকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিবাদের জের ধরে প্রতিপক্ষের মারধরের শিকার হন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহমেদ রিয়াদ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় ছাত্রের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১০ মার্চ সিন্ডিকেট সভায় এই ছয় ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বহিষ্কারের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে জরিমানা হয়েছে।” ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. নাহিদ হোসেন ও মোহাম্মদ মাজেদ সীমান্ত, প্রতœতত্ত্ব বিভাগের মো. মশিউর রহমান রোজেল, সরকার ও রাজনীতি বিভাগের মো. রাশিদুল হক পিয়াস। তিন মাসের জন্য বহিষ্কার হয়েছেন- ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. শামীম হোসেন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. মনিরুল ইসলাম। তারা সবাই শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র এবং দ্বিতীয় বর্ষের (৪০তম ব্যাচের) শিক্ষার্থী। এর আগে বছরের শুরুতে জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রকে স্থায়ীভাবে এবং ছয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিলো। এদিকে বহিষ্কারের পর ছাত্রলীগের একদল নেতা-কর্মী মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। বুধবার বিকালে প্রায় এক ঘণ্টা অবরোধের পর প্রক্টরের সঙ্গে আলোচনার পর তারা সড়ক ছাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০৩২ ঘ.