২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশন আবার ৬ ঘণ্টা বন্ধ

বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকে আগামী ২ মাস স্টেশনগুলো দিনে ছয় ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। এছাড়া সেচ মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখার আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্তগুলো হয় বলে বিদ্যুৎ সচিব সাংবাদিকদের জানান। সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই বৈঠকে আরইবি, পিডিবি, ডেসা, ডেসকো, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, পেট্রোবাংলাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। সচিব বলেন, “বর্তমানে সেচ পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। প্রয়োজনে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরো বাড়ানো হবে।” বৈঠকে অংশ নেওয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, সিএনজি স্টেশন বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছিল। এর পরিবর্তে নতুন নিয়মে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে। সারা দেশের ৫৩৫টি সিএনজি স্টেশন চালু রয়েছে। নতুন নিয়মের ফলে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত যোগ হবে বলে তিতাস এমডি জানান। এশিয়া কাপের ফাইনালের সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয় সে জন্য বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে জানিয়ে আজিজ খান বলেন, এ জন্য বুধবার থেকে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার এশিয়া কাপের ফাইনালে খেলছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ এই প্রথম এই টুর্নামেন্টের ফাইনালে উঠল। বৈঠকের আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, সেচ এলাকায় রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্প কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষিতে অগ্রাধিকার দিতে বাকিদের কষ্ট হলেও সহানুভূতির স্বার্থে এটি মেনে নিতে হবে। এই সময় দেশে বিদ্যুতের লোড শেডিং থাকবে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫২৭ ঘ.