২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা অভিনেতা সাকিব খান, অভিনেত্রী পূর্ণিমা

২০১০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান, পূর্ণিমাসহ ২৫ শিল্পী ও কলাকুশলী। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গহীনে শব্দ। এছাড়া বিশেষ সম্মাননা পাচ্ছেন অভিনেতা আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। আর পূর্ণিমা হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। ওই বছরের জন্য এই দুজনসহ ২৫ জন শিল্পী ও কলাকুশলী নির্বাচিত হয়েছেন বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘গহীনে শব্দ’। এই চলচ্চিত্রের জন্য খালিদ মাহমুদ মিঠু শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন। শাকিব খান সেরা অভিনেতা হয়েছেন ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রের অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন পূর্ণিমা। ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের জন্য সুজেয় শ্যাম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং মোঘল-এ-আজম চলচ্চিত্রে ‘ও জীবন তুচ্ছ ...’ গানের জন্য ইমদাদুল হক খোকন শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পাচ্ছেন। ‘জীবন মরণের সাথী’ চলচ্চিত্রে এমএ আলমগীর শ্রেষ্ঠ সহঅভিনেতা এবং ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রের জন্য রোমানা শ্রেষ্ঠ সহঅভিনেত্রী নির্বাচিত হয়েছেন। ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘বুকেরই ভিতরে যতনও...’ গানের জন্য এসআই টুটুল শ্রেষ্ঠ গায়ক, একই চলচ্চিত্রের ‘ভালবেসেই সবার সাথে...’ গানের জন্য শাম্মী আক্তার শ্রেষ্ঠ গায়িকা এবং শেখ সাদী খান শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন। ‘নিঃশ্বাস আমার তুমি’ চলচ্চিত্রে ‘রূপালী রাত নেমেছে...” গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার নির্বাচিত হয়েছেন কবীর বকুল। এছাড়া শ্রেষ্ঠ খল চরিত্রে মিজু আহমেদ, কৌতুক চরিত্রে আফজাল শরীফ, শিশু শিল্পী প্রার্থনা ফার্দিন দিঘী, কাহিনীকার জাকির হোসেন রাজু, চিত্রনাট্যকার নারগিস আক্তার, সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু, চিত্রগ্রাহক হাসান আহমেদ, শব্দগ্রাহক কাজী সেলিম, সম্পাদক মজিবুর রহমান দুলু, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, মেকাপম্যান আব্দুর রহমান এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় বিবি রাসেল পুরস্কার পাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৩৩ ঘ.