ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর সুনীতা বালার বাড়ির উঠানের জমির ইজারা বাতিল করে অন্য লোককে তা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।
আগামী দুই সপ্তাহের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১ মার্চ একটি বাংলা দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আনলে আদালত এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জাফর সাদিক ‘বালিয়াকান্দি উপজেলা ইজারা বাতিলে অনিয়ম!’ শিরোনামের ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলা ১৩৭৯ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের সুনীতা বালা সাহা নামে বাড়ির উঠানসংলগ্ন ৫ শতাংশ জমি ইজারা নেন। নিজেদের জমি শত্রু সম্পত্তি হওয়ায় ওই ব্যবস্থা নিতে হয় তাকে। চলমান বছর পর্যন্ত বাৎসরিক ওই ইজারার মাশুলও পরিশোধ করেন তিনি।
এরপর গত ২ ফেব্রুয়ারি অজ্ঞাত কারণে ওই ইজারা বাতিল করে একইদিন পাশের কাউন্নাইর গ্রামের মো. ফারুক, রামদিয়ার রফিকুল আলম, গোবিন্দপুরের ফাতেমা বেগম, কাউন্নাইরের জরিনা ও নাজমুল হাসানকে ইজারা দেওয়া হয়।
নতুন ইজারা পাওয়া ব্যক্তিরা সুনীতার বাড়ির উঠান কেটে সেখানে গর্ত তৈরি এবং ওই জায়গায় টিনের বেড়া দিয়ে ছয় থেকে সাতটি দোকান ঘর তৈরি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
সুনীতার ছেলে স্বরূপ কুমার সাহার উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, “উত্তরাধিকার সূত্রে তারা প্রায় ৪০ বছর ধরে ১১ শতাংশ জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছেন। এর মধ্যে ১৯৬৫ সালের পর বাড়ির ভেতর থেকে ৫ শতাংশ জমি শত্র“সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এরপর সরকারের কাছ থেকে ওই জমি ইজারা নেওয়া হয়।”
“কিন্তু কোনো কারণ ছাড়াই তাদের সেই ইজারা বাতিল করে অন্যদের দেওয়া হয়। ইজারা বাতিলের বিষয়ে কোনো নোটিসও দেওয়া হয়নি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/২৩০৯ ঘ.
bdnews24